চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি
এনটিআরসিএর (NTRCA) মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জিরো পয়েন্ট থেকে মিছিলটি সোহরাওয়ার্দী হল হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা—মেধা মেধা’, ‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না’, ‘কোটা গেছে যে পথে, কমিটি গেছে সে পথে’, ‘ক্ষমতা না জনতা—জনতা জনতা’ এবং ‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ চালুর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বজনপ্রীতি, অর্থ লেনদেন ও নিয়োগসংক্রান্ত দুর্নীতি অনেকাংশে বন্ধ হয়েছিল। কিন্তু আবারও স্থানীয় ম্যানেজিং বা গভর্নিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে দুর্নীতির প্রসার ঘটবে এবং মেধাবীরা বঞ্চিত হবেন।
তিনি বলেন, একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। জনবিরোধী ও শিক্ষাবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা খাতে দুর্নীতির সুযোগ তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।
চাকসুর ভিপি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না এলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।
বিক্ষোভে চাকসুর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মাতৃভূমির খবর