রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে ‘লঞ্চার্স’ প্রদর্শনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৬:২৩ পিএম

চবিতে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে ‘লঞ্চার্স’ প্রদর্শনী

ছবি: প্রতিনিধি

তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং বাস্তব বাজারের সঙ্গে তাদের সংযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘লঞ্চার্স—দ্য কুয়েস এক্সিবিশন ২০২৬’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদের লবিতে এ প্রদর্শনীর আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি এন্টারপ্রেনিউর অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)।

প্রদর্শনীতে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন উদ্যোগ নিয়ে মোট ৯টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খাদ্যপণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের পণ্য ও উদ্যোগ প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের ফান্ডিং ও মেন্টরিং প্রদান, তাদের অনুপ্রেরণা জোগানো এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সিইউইএসএসের মডারেটর ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন আসছে। দেশের প্রায় ৬০ শতাংশ জনসংখ্যা ৩০ বছরের নিচে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী-উদ্যোক্তাদের এমন উদ্যোগ ভবিষ্যতে ভালো করবে বলে তিনি আশাবাদী।

বিবিএ অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর বলেন, তরুণ উদ্যোক্তাদের বাজারের চাহিদা ও সামাজিক বাস্তবতা বুঝতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সফল ব্যবসা শুরু করতে আরও বেশি উৎসাহিত করবে।

ক্লাবের প্রেসিডেন্ট মুশফিকুর রহমান হৃদয় বলেন, এ আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা উদ্যোক্তা হিসেবে নতুন যাত্রা শুরুর সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পুরোনো উদ্যোক্তারাও নিজেদের ব্যবসা তুলে ধরার সুযোগ পেয়েছেন। এসব উদ্যোগে ক্লাবের পক্ষ থেকে ফান্ডিং ও মেন্টরিং দেওয়া হচ্ছে।

সিইউইএসএসের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা আফরোজ বলেন, সংগঠনটি নিয়মিত উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এবং মেন্টরিং প্রদান করে আসছে। এ ধরনের আয়োজন নবীন ও উদীয়মান উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত করবে।

প্রদর্শনীতে ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ পাওয়া তরুণ উদ্যোক্তা মেহেনুচ তাবাচ্ছুল বলেন, ব্যবসা শুরুর ক্ষেত্রে সহায়তা ও এক্সপোজার পাওয়াই তাঁদের মূল লক্ষ্য ছিল। প্রদর্শনীতে ক্রেতাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন গঠনমূলক মতামত ভবিষ্যতে তাঁদের উদ্যোগ আরও উন্নত করতে সহায়ক হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!