রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে ছাত্রশিবিরের ফ্রেশার রিসেপশন, নবীনদের ক্যারিয়ার গড়ার পরামর্শ

মোতাহের উদ্দিন

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৮:৩৭ পিএম

চবিতে ছাত্রশিবিরের ফ্রেশার রিসেপশন, নবীনদের ক্যারিয়ার গড়ার পরামর্শ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘ফ্রেশার রিসেপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবন, শিক্ষা, মূল্যবোধ ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে এ আয়োজন করা হয়।

বুধবার (২২ আগস্ট) দিনব্যাপী দুই শিফটে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩ হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বক্তব্যে মোহাম্মদ শিশির মনির দেশের প্রধান সংকটগুলোর মধ্যে দুর্নীতিকে উল্লেখ করে প্রশাসনিক ব্যবস্থায় ডিজিটাল সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পুরোনো দৃষ্টিভঙ্গি ও মানসিকতা দিয়ে দুর্নীতির মতো সমস্যার সমাধান সম্ভব নয়। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নবায়ন, বিদ্যুৎ-গ্যাস বিল ও জাতীয় পরিচয়পত্রের মতো নাগরিক সেবা অনলাইনে সহজলভ্য করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব।

তিনি তরুণ প্রজন্মকে দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণদের নতুন চিন্তা, মেধা ও নেতৃত্বের প্রয়োজন। সংকীর্ণ দলীয় বিভাজনের বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিশির মনির আরও বলেন, বর্তমান বিশ্বে মেধা ও যোগ্যতাই এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান মানদণ্ড। বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক পরিসর ও প্রযুক্তিনির্ভর খাতে কাজ করার সক্ষমতা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের মতো শহরে প্রযুক্তি হাব গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, উচ্চশিক্ষা শেষ করেও অনেক শিক্ষার্থী ইংরেজি বা আরবিতে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারে না কিংবা নিজ বিষয়ের গভীরে যেতে পারে না। ফলে শিক্ষা অনেক ক্ষেত্রে সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

জীবনের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, শুধু বিসিএস ক্যাডার, শিক্ষক, চিকিৎসক বা নির্দিষ্ট কোনো পেশায় যাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পেশাগত পরিচয়ের পাশাপাশি সততা, নৈতিকতা ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাকে গুরুত্ব দিতে হবে। পদ-পদবি সাময়িক হলেও মানুষের ভালো কাজ দীর্ঘস্থায়ী হয় বলে উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থান সংকটের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই সময়ের সঠিক ব্যবহার এবং একাডেমিক ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বিসিএস বা ব্যবসার পরিকল্পনা থাকলেও ভালো সিজিপিএ ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালো ফলাফল উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভবিষ্যতের বিভিন্ন সুযোগ উন্মুক্ত রাখে।

বিশ্ববিদ্যালয় জীবনে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে সংকীর্ণ মানসিকতা পরিহার করে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রাখা, নিয়মিত অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা এবং একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!