বিজয় আহমেদ
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ফেয়ারওয়েল অ্যান্ড ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বক্তব্য দেন। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও আবেগের কথা তুলে ধরেন। তারা শিক্ষক, সহপাঠী ও জুনিয়রদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিএ (অনার্স) ৪৬তম ও ৪৭তম ব্যাচের অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিদায়ী শিক্ষার্থীরা জানান, অনার্সের পরও তারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান এবং মাস্টার্স পর্যায়ের পড়াশোনাও দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকেই করার আগ্রহ প্রকাশ করেন।
এদিকে, অনুষ্ঠানের অন্যতম বিশেষ আয়োজন ছিল ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকসহ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের বিশেষ সম্মাননা প্রদান। বিভাগের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অতিথিরাও এ সম্মাননার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নূরে আলম। তিনি জুনিয়রদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং সিনিয়র-জুনিয়রদের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহমুদুর রহমান শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজন করা হবে—এমন আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধকে ভবিষ্যৎ জীবন ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল করিম জাহাঙ্গীর। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহবুবুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক উপদেষ্টা মো. আবুবকর সিদ্দিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ নুরন্নবী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. হেলাল উদ্দিন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে বিএ (অনার্স) ৪৬তম ও ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের শিক্ষকদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও উৎসবমুখর। বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথি ও শিক্ষকদের সম্মাননা, শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্য এবং নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ‘ফেয়ারওয়েল অ্যান্ড ওরিয়েন্টেশন-২০২৬’ হয়ে ওঠে একটি স্মরণীয় আয়োজন।
মাতৃভূমির খবর