রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মহিলা মাদরাসা থেকে দুই ছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:২৪ পিএম

মহিলা মাদরাসা থেকে দুই ছাত্রীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় একটি মহিলা মাদরাসা থেকে দুই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদরাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ওই মাদরাসার ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। তারা তীব্র পেটব্যথা অনুভব করে এবং একের পর এক বমি করতে থাকে। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদরাসার শিক্ষক শাহিদা খাতুন জানান, রাতে খাবারের পর সব শিক্ষার্থী সুস্থ ছিল। কিন্তু রাত আড়াইটার দিকে প্রথমে জামিলা বমি শুরু করে এবং রক্তও বের হয়। এরপর তানিয়াও অসুস্থ হয়ে পড়ে। “আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কিছুই আর করার ছিল না,” বলেন তিনি।

তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলিম বলেন, “জামিলা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়, আর তানিয়া আসে হাসপাতালে এসে মারা যায়। তাদের মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। তবে শরীরে সাপে কামড়ের কোনো লক্ষণও নেই।”

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, “রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” হঠাৎ দুই কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!