প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৫৪ পিএম
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন ফেরদৌস রুমি নামে এক শিক্ষার্থী।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। ফেরদৌস রুমি ইতিহাস বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রুমি বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বিএম কলেজ। কিন্তু গত ২৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনের অভাবে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না।” তিনি জানান, এক মাসেরও বেশি সময় ধরে নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না, তাই শেষ উপায় হিসেবে তিনি আমরণ অনশন শুরু করেছেন।
বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রোডম্যাপ চূড়ান্ত করা হবে। দ্রুত বাকসু নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।”
এদিকে ফেরদৌস রুমির এই অনশনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।



