প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:০০ পিএম
দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটি বলছে, মেয়াদোত্তীর্ণ এডহক কমিটিগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ও গুণগত মানের জন্য বড় হুমকি।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এ দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলী, আইডিয়াল স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সেলিমউদ্দীন।
সভাপতি দুলু বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর দেশের প্রায় সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন শুধু নির্বাচন তফসিল ঘোষণা করলেই শুক্রবার বা শনিবারের ছুটির দিনে ভোটগ্রহণ সম্ভব। তিনি দাবি করেন, মেয়াদোত্তীর্ণ এডহক কমিটিগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান এডহক কমিটিগুলোর মধ্যে আমলাতন্ত্র ও অনিয়ম গভীরভাবে প্রোথিত হয়েছে। এরা নির্বাচন বিলম্বিত করে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও শিক্ষার মানহ্রাস ঘটছে।
সংগঠনটি দাবি করে, এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা গেলে বার্ষিক পরীক্ষা বা জাতীয় নির্বাচনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি পদে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে অভিভাবক ঐক্য ফোরামের নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। সচিব তাদের আশ্বস্ত করেন যে, আইনি জটিলতা নিরসনের পর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।



