প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৪১ পিএম
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে আগামীকাল সোমবার রাজধানীতে লং মার্চ টু অধিদপ্তর কর্মসূচি পালন করবেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।
রবিবার (২৬ অক্টোবর) ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের পর শিক্ষা অধিদপ্তরের দিকে লং মার্চ অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সম্প্রতি তারা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা জানান, “কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”
শিক্ষক ঐক্যজোটের নেতারা বলেন, ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণ এখন সময়ের দাবি। তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।



