প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৪৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
রবিবার (২৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় জানায়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার শেষ সময় ৪ থেকে ৬ নভেম্বর।
কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, আবেদনপত্রের তথ্য সঠিকভাবে অনলাইনে এন্ট্রি করে প্রিন্ট আউট কপি যাচাই শেষে অধ্যক্ষের স্বাক্ষরিত মূল কপিটি সংরক্ষণ করতে হবে। পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে ডাউনলোড করা যাবে।
এছাড়া ২০২১–২২, ২০২২–২৩ ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৪ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় অংশ নিতে পারবেন। যারা ২০২৩ সালের পরীক্ষায় সকল পত্রে অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন অথবা ৪৫ শতাংশের কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
যেসব শিক্ষার্থী পূর্ববর্তী পরীক্ষায় মানোন্নয়ন করতে পারেননি বা কোনো কারণে পরীক্ষায় অংশ নেননি, তাদেরকে এবারের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিতে হবে। ২০২১–২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা পরবর্তীতে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফরম পূরণ ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া কঠোরভাবে অনলাইন নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে, যাতে তথ্যভ্রান্তি বা প্রশাসনিক জটিলতা এড়ানো যায়।



