রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি-বেসরকারি মেডিকেলে ৮০০ আসন কমানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৫৭ পিএম

সরকারি-বেসরকারি মেডিকেলে ৮০০ আসন কমানোর সিদ্ধান্ত

ছবি: মাতৃভূমির খবর ডিজিটাল

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ৮০০-রও বেশি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সভা শেষ হয় রাত সাড়ে ৭টায়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মানহীন ও সক্ষমতাহীন কিছু মেডিকেল কলেজে আসন কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেল কলেজে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে আরও ৪০৮টি আসন কমানো হয়েছে। অর্থাৎ মোট ৮১৬টি আসন কমেছে। তিনি বলেন, এ সংখ্যা পরবর্তীতে কিছুটা পরিবর্তনও হতে পারে।

একই সঙ্গে মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে ন্যূনতম জিপিএ-র মানও সমন্বয় করা হয়েছে। নতুন নিয়মে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে ৮.৫। তবে পৃথকভাবে দুটি পরীক্ষায় অন্তত জিপিএ ৪ থাকতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়াকে আরও মানসম্মত ও প্রতিযোগিতামূলক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বজায় রাখতে কলেজগুলোর সক্ষমতা মূল্যায়ন অব্যাহত থাকবে।

বিস্তারিত নির্দেশনা ও আসনসংখ্যার চূড়ান্ত তালিকা শিগগিরই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!