প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৪ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন। পানমশলা বিজ্ঞাপন সংশ্লিষ্ট এক মামলায় তার বিরুদ্ধে জারি করা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা আপাতত স্থগিত করেছেন রাজস্থান উচ্চ আদালত।
এর ফলে আগামী ১৩ এপ্রিল জয়পুর জেলা ভোক্তা কমিশনে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও আপাতত মুক্তি পেয়েছেন তিনি।
মামলার সূত্রপাত হয় এক ভোক্তার অভিযোগের মাধ্যমে। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যের বিজ্ঞাপনে এটিকে ‘জাফরান বা তবক মিশ্রিত এলাচ’ ও ‘জাফরানযুক্ত পানমশলা’ হিসেবে প্রচার করা হলেও বাস্তবে তা সঠিক নয়। এতে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং পণ্যটিকে নিরাপদ বলে ভুল ধারণা তৈরি হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতে ভোক্তা কমিশন ওই পণ্যের প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। তবে পরবর্তীতে বিভিন্ন স্থানে একই বিজ্ঞাপন পুনরায় প্রচারিত হলে কমিশন মনে করে তাদের নির্দেশ অমান্য করা হয়েছে, যা মামলাটিকে আরও জটিল করে তোলে।
অভিযুক্ত পক্ষ এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানায়, অভিযোগকারী নিজে পণ্যের ব্যবহারকারী নন এবং বিষয়টি ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতাভুক্ত। অন্যদিকে, সালমান খানের পক্ষ থেকে দাবি করা হয়, বিজ্ঞাপিত পণ্যটি গুটখা বা পানমশলা নয়; বরং এটি সুগন্ধি এলাচজাতীয় পণ্য।
উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে আদালত সংশ্লিষ্ট তিনটি আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ফলে আপাতত বড় ধরনের আইনি জটিলতা থেকে কিছুটা স্বস্তিতে রয়েছেন এই অভিনেতা।



