প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১২:৪৮ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা সালমান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিন দশকের বেশি সময় ধরে তিনি একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। বক্স অফিসে তার উপস্থিতি মানেই যেন বড় ধরনের সাড়া ও সাফল্যের নিশ্চয়তা।
সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের কাজের ধরন নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন এই অভিনেতা। তিনি জানান, এত দীর্ঘ ক্যারিয়ারে তিনি আজ পর্যন্ত কোনো সিনেমার সম্পূর্ণ চিত্রনাট্য পড়ে কাজ করেননি। তার ভাষায়, তিনি কখনোই পাতার পর পাতা লেখা স্ক্রিপ্ট মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস গড়ে তোলেননি।
সালমান খান আরও বলেন, তিনি নিজে গল্প তৈরি করেছেন, তবে অন্য কারও লেখা পূর্ণ চিত্রনাট্য বিস্তারিতভাবে পড়ার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। তার মতে, সিনেমার কাগজে লেখা বিশদ বর্ণনার চেয়ে গল্পের মূল ধারণা, পর্দায় তার উপস্থাপন এবং ব্যবসায়িক সম্ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ।
এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন যে একজন শীর্ষস্থানীয় অভিনেতা কীভাবে পূর্ণ স্ক্রিপ্ট না পড়ে এত বছর ধরে সফলভাবে কাজ করে যাচ্ছেন।
একই সাক্ষাৎকারে সালমান তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়েও কথা বলেন। বিশেষ করে দামী ঘড়ি নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, তিনি যেসব বিলাসবহুল ঘড়ি পরেন বলে দেখা যায়, সেগুলোর সবই তার ব্যক্তিগত সংগ্রহ নয়। অনেক সময় বন্ধুদের কাছ থেকে সাময়িকভাবে নেওয়া ঘড়ি তিনি ব্যবহার করেন বলে জানান।
বর্তমানে সালমান খান তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এই ছবির শুটিং ও গল্পে বড় ধরনের পরিবর্তনের খবরও সামনে এসেছে। আগে সিনেমাটির নাম ছিল ‘যুদ্ধ সীমান্ত গালওয়ান’, যেখানে সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে গল্প এগোচ্ছিল। পরে নতুন সিদ্ধান্তে ছবির কাহিনি থেকে নির্দিষ্ট অঞ্চল ও আন্তর্জাতিক সংক্রান্ত উল্লেখ বাদ দেওয়া হয়েছে এবং বড় অংশ নতুনভাবে চিত্রায়ণ করা হয়েছে।
পরিচালক হিসেবে যুক্ত আছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটিতে সালমান খানকে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
সব মিলিয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সিদ্ধান্ত—সবকিছু নিয়েই আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউডের এই সুপারস্টার।



