রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নোরা ফাতেহির সঙ্গে আবারও সঞ্জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৭:০৩ পিএম

নোরা ফাতেহির সঙ্গে আবারও সঞ্জয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি আবারও একসঙ্গে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের পরিবেশিত ‘সির সির’ গানটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছেন নতুন গান ‘চ্যাম্পিয়ন’, যা আগামী ২৯ জুন প্রকাশিত হবে।

সঞ্জয় দেব জানিয়েছেন, নতুন এই গানটি কেবল খেলাধুলার বিজয়কে কেন্দ্র করে তৈরি নয়; বরং জীবনের প্রতিটি সংগ্রাম, পরিশ্রম এবং সাফল্যকে উদযাপনের একটি অনুপ্রেরণামূলক বার্তা বহন করবে। তাঁর ভাষ্য, মানুষের আত্মবিশ্বাস বাড়ানো এবং স্বপ্নপূরণের সাহস জোগানোই এই গানের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের মনে ইতিবাচক শক্তি ও বিজয়ের অনুভূতি জাগিয়ে তুলবে।

এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লেখা, সুর তৈরি এবং সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাসের নিবিড় পরিশ্রমের মাধ্যমে গানটির সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে।

গানটির দৃশ্যধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দ্বীপাঞ্চল জানজিবারে। মনোরম সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অল্প সময়ের মধ্যেই দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়। নির্মাতাদের বিশ্বাস, গানের দৃশ্যায়ন দর্শকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করবে।

এদিকে গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। নোরা ফাতেহিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গান নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে একটি বার্তা প্রকাশ করেছেন। ফলে গানটি ঘিরে দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!