রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাইয়ে ঢাকায় আসছেন আতিফ আসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৩:৪৩ পিএম

জুলাইয়ে ঢাকায় আসছেন আতিফ আসলাম

ফাইল ছবি

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংগীত আয়োজন। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ নামের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ৩০০ ফুট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আতিফ আসলামের পাশাপাশি দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভও নিজেদের পরিবেশনা নিয়ে দর্শকদের সামনে হাজির হবে।

ইতোমধ্যে অনুষ্ঠানের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি শ্রেণিতে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত এলাকার টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, বিশেষ এলাকার টিকিটের মূল্য ৫ হাজার ৯৯৯ টাকা এবং সবচেয়ে কাছ থেকে অনুষ্ঠান উপভোগের জন্য নির্ধারিত এলাকার টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের দিন দুপুর ২টা থেকে দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। প্রবেশদ্বার বন্ধ করা হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকায় আতিফ আসলামের এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সে সময় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি টিকিট বিক্রির কার্যক্রমও শুরু হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।

তখন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি। উপযুক্ত সময়ে নতুন তারিখ নির্ধারণ করে আয়োজনটি সম্পন্ন করা হবে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সময়সূচিতে আবারও কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া আয়োজনের পুরোনো টিকিটধারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যারা আগের টিকিটের অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে না। আর যারা অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা ফেরত পাননি, তারা চাইলে সেই আবেদন বাতিল করে আগের টিকিট কার্যকর করার সুযোগ পাবেন।

আয়োজকদের আশা, এবারের অনুষ্ঠান শুধু একটি সাধারণ সংগীত পরিবেশনা হবে না; বরং সংগীতপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে আনন্দ, আবেগ ও বিনোদনের এক বিশেষ মিলনমেলা। আতিফ আসলামের জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!