রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:৫৪ এএম

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুলিতে নিহত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এক তরুণী ভিডিও নির্মাতা। গত শুক্রবার (১৪ আগস্ট) একটি পেট্রল পাম্পের কাছে দুর্বৃত্তদের গুলিতে শামসো বিবি নামের ওই তরুণীর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ।

পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। নিহতের বাবা ফজল সাহেবজাদা জানিয়েছেন, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ির বাইরে বের হন তাঁর মেয়ে। সঙ্গে ছিলেন ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহ।

তিনজন একটি গাড়িতে করে যাওয়ার সময় পেট্রল পাম্পের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি শামসো বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলির পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে তাঁর বোন আসিমা গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসো বিবির আর্থিক লেনদেন ছিল। অর্থ ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁকে আগে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ইসলামাবাদে আগে লিখিত অভিযোগ করা হয়েছিল বলেও জানিয়েছেন তাঁর বাবা।

পরিবারের তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও তৈরি করতেন। তাঁর তৈরি বিভিন্ন ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং বিপুলসংখ্যক মানুষ তাঁকে অনুসরণ করতেন। হত্যাকাণ্ডের পর ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!