প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:৪০ পিএম
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পাঁচশ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট আগামী ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নতুন এই ইউনিট চালু হলে স্নায়ুরোগ চিকিৎসা ব্যবস্থায় দেশের সক্ষমতা আরও বাড়বে এবং রোগীরা উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
রোববার (৫ জুলাই) রাজধানীতে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নতুন ইউনিট উদ্বোধনের পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রমও পরিদর্শন করবেন। তিনি আশা প্রকাশ করেন, হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাও প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আরও গতিশীল হবে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, কার্যকর এবং জনমুখী করে তোলা। সে লক্ষ্যে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা নিতে রাজধানীর ওপর নির্ভরশীল না হন। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংস এবং কীটনাশক ছিটানোর কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি জানান, চলতি বছরে ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সব অঞ্চলে সমানভাবে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার পুরোনো বিভাগীয় শহরগুলোতে নতুন স্নায়ুরোগ চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির বিকল্প নেই। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নতুন ইউনিট চালুর মাধ্যমে দেশের স্নায়ুরোগ চিকিৎসা আরও আধুনিক, বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



