রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নানক-তাপসের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শুনানি আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:০৩ এএম

নানক-তাপসের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শুনানি আজ

ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হবে।

অন্যদিকে মামলার একাধিক আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এর আগে গত ৮ এপ্রিল নির্ধারিত শুনানি স্থগিত করা হয়। ওই সময় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন না হওয়ায় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

চলতি বছরের ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উসকানি, পরিকল্পনা ও সরাসরি ভূমিকার কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!