প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:০৮ পিএম
রাজধানীর বনানী এলাকায় একটি বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর ও উপপরিদর্শক (এসআই) রায়হান–এর নাম উল্লেখ করেছেন বাড়ির মালিক মাহমুদ আলী।
ঘটনাটি বনানীর ই-ব্লকের ১৩ নম্বর সড়কের ৫০ নম্বর বাড়ির নিচতলায় পরিচালিত “টার্কিস রেস্টুরেন্ট”কে কেন্দ্র করে। বাড়ির মালিকের দাবি, রেস্টুরেন্টটির মালিক সৈয়দ এহসানুল হকের সঙ্গে করা চুক্তির মেয়াদ ১৪ মাস আগে শেষ হলেও তিনি এখনো জায়গা ছাড়েননি। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধ চলছে।
মাহমুদ আলীর অভিযোগ, থানার কর্মকর্তাদের হস্তক্ষেপে রেস্টুরেন্ট মালিককে সময় বেঁধে দেওয়া হলেও পুলিশ তার পক্ষ নিয়েছে এবং তাকে হুমকি দিয়েছে। তিনি বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি কয়েক মাসের ভাড়া বকেয়া থাকার দাবিও করেন তিনি।
অন্যদিকে রেস্টুরেন্ট মালিক সৈয়দ এহসানুল হক বলেন, পুলিশ তাদের তিন মাস সময় দিয়েছে এবং নির্ধারিত সময় শেষে তিনি জায়গা ছেড়ে দেবেন।
এ বিষয়ে ওসি খালেদ মনসুর অভিযোগ অস্বীকার করে জানান, বাড়ির মালিককে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে এবং রেস্টুরেন্ট মালিককে দুই মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে জায়গা ছাড়তে হবে।
এসআই রায়হানও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা অভিযোগটি ভিত্তিহীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



