রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:২৭ পিএম

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

ছবিঃ সংগৃহীত

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জন নারী ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়েছে।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।

নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং দৃঢ় মানসিকতার স্বীকৃতি হিসেবেই তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই পুরস্কার দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। একই সঙ্গে এ ধরনের স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও অবদানকে সমাজের সামনে তুলে ধরতেও সহায়ক।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!