প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।
এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশে হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের পর দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে আদালতে হাজির করা হলে তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।



