প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৬:৫২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। এর ফলে এই মামলায় প্রতিবেদন জমার সময় পিছিয়েছে মোট ১৪ বার।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
ঘটনার বিবরণে বলা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপ নেয়।
পরবর্তীতে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে, যেখানে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং নির্বাচনী পরিবেশে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যও এতে জড়িত ছিল।



