প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:৫১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় আলোচিত এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে আত্মগোপন করেছিলেন ফয়সাল ও আলমগীর। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে। কারণ, এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।
দেশের বহুল আলোচিত এ মামলার দুই গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পরপরই তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কীভাবে, কোন প্রক্রিয়ায় এবং কবে তাদের বাংলাদেশে আনা হবে—এ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
দেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিষয়টি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে ঠিক করবে কোন পদ্ধতিতে এবং কীভাবে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও জানান, যেহেতু এই হত্যাকাণ্ডটি অত্যন্ত আলোচিত, সে কারণে ভারত আসামিদের ফেরত দিতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম।
গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, শুধু ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধেই নয়, ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানোর বিষয়ে দেশটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।



