রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৬:০৩ পিএম

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন

ফাইল ছবি

দেশজুড়ে আলোচিত পোশাক প্রতিষ্ঠান নবীন ফ্যাশন আবার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে রাজধানীর মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিন ঈদ উৎসব চলবে। এ সময় ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ আয়োজন থাকবে।

তাদের ঘোষণায় আরও বলা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির উদ্যোগে অন্যান্য শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে সরাসরি সামাজিক মাধ্যমে যুক্ত হয়ে ক্রেতাদের ঈদের শুভেচ্ছা জানাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে আলোচনার মধ্যে থাকা নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছেড়ে যাওয়ার কথা জানান। মঙ্গলবার রাতে তিনি সামাজিক মাধ্যমে বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে দেশ ছাড়ার ইঙ্গিত দেন।

তিনি লেখেন, পরিস্থিতির কারণে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই আপাতত বিদেশে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে দেশে ফেরার আশাও ব্যক্ত করেন।

মঙ্গলবার বিকেলে মগবাজারে এক সংবাদ সম্মেলনেও তিনি একই কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, কম দামে পাঞ্জাবি ও পাজামা বিক্রি করায় তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এমনকি নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রি না করার জন্য একটি সিন্ডিকেট থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাদের শোরুম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যদিও সেই ভিডিও তাদের প্রতিষ্ঠান থেকে করা হয়নি বলে দাবি করেন তিনি।

এনামুল হাসান নবীন বলেন, তাদের ব্যবসার একটি অংশের লাভ গরিব ও অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা হয়। খাদ্য বিতরণ ও চিকিৎসা সহায়তার মতো সামাজিক কাজও তারা করে থাকেন এবং এতদিন এসব কাজ প্রচারের বাইরে রেখেই পরিচালনা করেছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!