প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৪৮ পিএম
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। ভারতের আসামভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায়।
শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে জ্বালানি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমদানি করা হবে।
এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশনস ব্যবস্থাপক কাজী মো. রবিউল আলম জানান, ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ শেষ হয়েছে এবং আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে জ্বালানি আমদানি সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে পৌঁছেছে।
এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনে বাংলাদেশে এসেছে।
ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে সরবরাহকৃত এই ডিজেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে গ্রহণ করা হয় এবং সেখান থেকে বিভিন্ন তেল কোম্পানির মাধ্যমে বিতরণ করা হয়।



