প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:০৪ পিএম
নীলফামারীতে বন্ধ দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের বন্ধ থাকা সব টেক্সটাইল ও পাটকল ধাপে ধাপে পুনরায় চালু করা হবে। বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠান সচল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।
রবিবার সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এসব মিল পরিদর্শন ও মূল্যায়নের কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দারোয়ানী টেক্সটাইল মিলে পুনরায় কার্যক্রম শুরু হতে পারে। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে এবং একজন সম্ভাব্য বিনিয়োগকারীও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, দেশের শিল্পাঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ঐতিহ্যবাহী পাটশিল্প পুনরুদ্ধারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে পাট জাগ দেওয়ার জন্য পানির সংকট নিরসনে খাল খনন, উন্নত বীজ সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা অন্যতম।
পরিদর্শন শেষে তিনি নীলফামারীর একটি হস্তশিল্প কারখানাও ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



