প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৫৬ পিএম
রাজধানী ঢাকার ফুটপাতগুলো পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের জন্য লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে ‘নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, এখন থেকে ফুটপাতে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি গ্রহণ এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ বাধ্যতামূলক হবে। সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনার জন্য নাগরিক ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রশাসক আরও জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হবে।
ফুটপাত শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। ওই জরিপের মাধ্যমে নির্ধারণ করা হবে নির্দিষ্ট জায়গায় কতজন হকার বসতে পারবেন, যাতে অতিরিক্ত দখল রোধ করা যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দখলমুক্ত করা ফুটপাত পুনরায় দখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া শহর পরিষ্কার রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।



