প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৪৮ পিএম
কুমিল্লা-সিলেট মহাসড়কে ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই সড়কের কারণে এলাকাবাসীর ক্ষোভ এতটাই বেড়েছে যে, তিনি নিজ এলাকায় যেতে সংকোচ বোধ করেন। মানুষের জীবন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংসদের প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য বলেন, বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই ওই মহাসড়কে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি মাসেই এই সড়কে ২৩ জনের প্রাণহানির তথ্য তুলে ধরে তিনি জানান, দেবিদ্বার এলাকায় এটি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
তিনি উল্লেখ করেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, যা দুইটি বিভাগীয় শহরকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সড়কের জন্য অত্যন্ত অপর্যাপ্ত। চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াতের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন।
ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও দীর্ঘদিনেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে কথা বললে বিভিন্ন জটিলতার কথা বলা হয় বলেও জানান সংসদ সদস্য।
প্রায় ১২ বছর ধরে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বিষয়টি সড়ক পরিবহনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে জবাব দিতে বাধ্য থাকবেন এবং বিষয়টি কার্যপ্রণালীর মাধ্যমে এগোবে।



