রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্মী নিয়োগে পর্তুগালের প্রতি বাংলাদেশের আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:৫৬ এএম

কর্মী নিয়োগে পর্তুগালের প্রতি বাংলাদেশের আহ্বান

ছবিঃ সংগৃহীত

পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী পর্তুগালে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী ইউরোপের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি পর্তুগাল থেকে অধিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা খেলাধুলা, সংস্কৃতি এবং নারীর ক্ষমতায়নের মতো খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!