প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:১৭ পিএম
ট্যাক্সমুক্ত গাড়ি নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, ট্যাক্সমুক্ত গাড়ি কিংবা প্লট সুবিধা তারা নিতে চান না। তবে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পান, একইভাবে সংসদ সদস্যদেরও একটি করে সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ওই সরকারি গাড়ি ব্যবহার করবেন এবং এতে অতিরিক্ত খরচও বাড়বে না। কারণ বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা ভাতা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই।
পূর্বের বক্তব্য প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, তিনি কখনোই ট্যাক্সমুক্ত গাড়ির দাবি করেননি। ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে সংসদের সব সদস্য একমত হয়েছেন বলেও জানান তিনি। তার মতে, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ সিদ্ধান্তের মাধ্যমে একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন।



