প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে পুনরায় সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।
তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের সমন্বয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের স্বার্থ এবং রুচির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের দায়িত্ব—এই নীতিতে তারা সবসময় অটল ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তার দাবি, সংবাদের নিরপেক্ষতা ও নৈতিক অবস্থানের কারণেই অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে চ্যানেলটি।
জানা গেছে, ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগে হঠাৎ করে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সে সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরে এ বিষয়ে আইনি লড়াই চলতে থাকে এবং সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়। অবশেষে সম্প্রচার সংক্রান্ত সব আইনি বাধা দূর হওয়ায় আবারও ফিরছে চ্যানেল ওয়ান।
ব্যবস্থাপনা পরিচালক জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে। ১৬ বছর আগে যে দিন ও সময়ে সম্প্রচার বন্ধ হয়েছিল, ঠিক সেই দিন ও সময়েই আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগের মতোই নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে দর্শকদের আস্থা অর্জন করতে চায় চ্যানেল ওয়ান।



