প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:০৭ পিএম
গণপরিবহণ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করতে হবে এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণ করতে হবে।
বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দ্রুত বের হতে না পারায় প্রাণহানির ঘটনা বেশি ঘটে। বিশেষ করে বাসের দরজা ও জানালা দিয়ে বের হওয়ার সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
এই পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি জানিয়েছে, এসি গণপরিবহণে দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন পথ চিহ্নিত থাকতে হবে। পাশাপাশি জানালার কাচ ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।
অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা বসানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই জানালার মাঝ বরাবর থাকা এসব রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএ বলছে, এসব ব্যবস্থা কার্যকর হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ বাড়বে এবং জীবন রক্ষার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাস মালিক ও চালকদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



