প্রকাশিত: মে ৩, ২০২৬, ০২:৩৭ পিএম
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, অতীতে অনেক সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখলেও বর্তমান সরকার এ খাতের স্বাধীনতা সুরক্ষায় কাজ করছে।
রবিবার রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি স্থায়ী কাঠামো গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে প্রথমে একজন বিশেষজ্ঞকে নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে, পরে কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শুধু নীতিগত নয়, চিন্তা ও চেতনার স্তরেও স্বাধীনতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাগত মান উন্নয়নের ওপর জোর দেন।



