রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের রাজনীতিকে ফেরানোর সুযোগ রাখা হচ্ছে : নাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১১:৫৮ পিএম

আওয়ামী লীগের রাজনীতিকে ফেরানোর সুযোগ রাখা হচ্ছে : নাহিদ

ফাইল ছবি

বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার নামে নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি দাবি করেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ওই অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সরকার তা উপেক্ষা করে নিজস্বভাবে সংসদ পরিচালনা করেছে। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার বিকল্প থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা থাকলেও শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর বিএনপিও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাংবিধানিক সংস্কার কেবল সংশোধনের মাধ্যমে টেকসই হবে না। সংবিধানের মূলনীতি পরিবর্তনের উদ্যোগ নিলেও তা দীর্ঘস্থায়ী হবে না এবং যেকোনো সময় বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।

নাহিদ ইসলাম দাবি করেন, জিয়াউর রহমানের সময় নেওয়া সিদ্ধান্তের কারণে বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার আড়ালে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতি পুনরুজ্জীবিত হওয়ার পথ খোলা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!