প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:৫১ এএম
প্রায় দুই দশক পর আবারও পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর ও জেলা—সব পর্যায়ের পুলিশের প্যান্ট হবে খাকি রঙের, তবে শার্টের রঙ আগের মতোই বহাল থাকবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে সন্তুষ্টি না থাকায় তাদের প্রস্তাবের ভিত্তিতেই এ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় মহানগর পুলিশের সদস্যরা হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন। অন্যদিকে জেলা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট ব্যবহার করবেন। এই পরিবর্তনের মাধ্যমে ঐতিহ্যবাহী পোশাকের ধারা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, নতুন পোশাক বাস্তবায়নে কিছু সময় লাগবে, কারণ প্রস্তুতিমূলক কাজ এখনও চলমান। উল্লেখ্য, ২০০৪ সালে পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পর আবারও সেই খাকি রঙ ফিরে আসছে।
তবে পোশাক পরিবর্তনে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই ব্যয় কতটা যৌক্তিক—তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অপরাধ বৃদ্ধির বিষয় লক্ষ্য করা গেছে, তবে সরকার আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।



