রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের টানা ৭ দিনের ছুটির বাইরে যারা থাকছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:৩০ পিএম

ঈদের টানা ৭ দিনের ছুটির বাইরে যারা থাকছেন

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির বাইরে থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার সঙ্গে জড়িত কর্মকর্তারাও ছুটির আওতায় থাকছেন না।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন, যাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

অন্যদিকে বেসরকারি শিল্প-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!