প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১২:২২ পিএম
জুলাই মাসে উল্লেখযোগ্য কোনো সরকারি ছুটি না থাকলেও আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে দুই দফায় টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট সরকারি দপ্তর খোলা থাকবে। তবে ওই দিন নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে এরপরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট চার দিনের টানা অবকাশ পাওয়া যাবে।
একইভাবে আগস্ট মাসের শেষ ভাগেও সরকারি কর্মচারীদের জন্য আরেকটি দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে এই তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রয়োজন হলে পরিবর্তিত হতে পারে।
ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ধারাবাহিক অবকাশ উপভোগ করা যাবে। ফলে আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।
এই ছুটির সুবিধা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও ধর্মীয় সাধারণ ছুটি পালন করে থাকে। তবে বিদ্যুৎ, গ্যাস, পানি, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা, ডাক, দূরসংযোগ, ইন্টারনেট, ওষুধ সরবরাহ এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের দায়িত্বের কারণে এই ছুটির সুযোগ সীমিত থাকতে পারে।
এদিকে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা জারি করবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত।
আগস্ট মাসের এই ছুটির সুযোগকে কেন্দ্র করে অনেক সরকারি চাকরিজীবী আগেভাগেই পারিবারিক ভ্রমণ, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো কিংবা ব্যক্তিগত প্রয়োজনীয় কাজের পরিকল্পনা শুরু করেছেন।



