রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই সুবিধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৪:৩২ পিএম

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই সুবিধা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াই-ফাই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুর ২টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করতে কাজ করছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সেবা চালু করা হয়েছে। পাশাপাশি দ্রুত থার্ড টার্মিনাল চালুর আশাও ব্যক্ত করেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা ইন্টারনেট সুবিধা পাবেন।

এই সেবার জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এতে রয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম, ফলে মোট প্রায় ৩৭ হাজার ৫০০ জন একযোগে সংযুক্ত থাকতে পারবেন। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, এই ফ্রি ওয়াই-ফাই সেবার পরীক্ষামূলক কার্যক্রম গত ২৬ এপ্রিল শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী সেবাটি ব্যবহার করেছেন এবং মোট প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!