রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণ দেখতে সড়কে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৮:১৮ পিএম

কোরবানির বর্জ্য অপসারণ দেখতে সড়কে প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম প্রত্যক্ষ করতে শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে বের হন। মূলত কোরবানির পশুবর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা হচ্ছে কি না এবং নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পাচ্ছেন কি না, সেটি সরাসরি পর্যবেক্ষণ করতেই তার এই সফর।

জানা গেছে, রাজধানীর গুলশান এলাকা থেকে যাত্রা শুরু করে তিনি বিভিন্ন ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দেখেন। পথিমধ্যে কোরবানির বর্জ্য অপসারণের গতি, সড়কের পরিবেশ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নগরীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকারী পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রমও নজরে আনেন তিনি।

পরিদর্শনকালে রাজধানীর হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বিভিন্ন অংশ, গুলিস্তান, শাহবাগ, বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেমন চলছে, কোথাও কোনো অব্যবস্থাপনা আছে কি না—এসব বিষয়েও খোঁজ নেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো সফরে প্রধানমন্ত্রী সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব দেন। বিভিন্ন মোড়ে যানবাহনের সংকেত মেনে গাড়ি থামিয়ে নিয়ম অনুসরণ করেই চলাচল করেন তিনি। এতে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে রাজধানীতে ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো দিনরাত কাজ করছে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত জনবল ও যানবাহন মোতায়েন করা হয়েছে। নগরবাসী যাতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ছাড়াই স্বাভাবিক পরিবেশে ফিরতে পারেন, সেজন্য বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এমন সরেজমিন তদারকি মাঠপর্যায়ের কাজকে আরও গতিশীল করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানী সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে উঠবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!