প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৬:৩৬ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার বৃহত্তম রামমূর্তি স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কথিত ‘আলাদা প্রদেশ’ সম্পর্কিত বক্তব্যকে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন, একক ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের ঐতিহাসিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তাদের অভিযোগ। আইনজীবীর বক্তব্যকে তারা রাষ্ট্রের অখণ্ডতার পরিপন্থী এবং উসকানিমূলক বলে উল্লেখ করেছে।
হেফাজত নেতারা দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে দেশের আলেম ও সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিয়েছে—এটি সম্প্রীতির উদাহরণ হিসেবে বিবেচিত। এমন পরিস্থিতিতে পলাশবাড়ীর মতো সংবেদনশীল এলাকায় বড় আকারে মূর্তি স্থাপনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বলেও তারা মন্তব্য করেন।
তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড ও বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে। তারা আরও বলেন, রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কোনো ধরনের বক্তব্য বা দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানায়, উসকানিমূলক বক্তব্য প্রদানকারী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তার আইনজীবী সনদ বাতিলের বিষয়টিও বিবেচনা করার দাবি জানানো হয়।
এছাড়া গোয়েন্দা সংস্থাকে বিষয়টির পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যেকোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে প্রশাসনকে সতর্ক ও কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।



