প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ০৯:৪৪ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক কুখ্যাত ডাকাত, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শাপলাকলি পাড়ায় অভিযান চালিয়ে মোঃ তৌফিক আহমেদ রিয়াজ (৩০) কে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে জীবনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রিয়াজ শাপলা কলি পাড়ার মৃত মঈনুল বিডিআরের ছেলে। তিনি জীবননগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস দমন আইনে মোট ৩টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের সময় তিনি পুলিশের অফিসার ইনচার্জসহ রেইডিং পার্টির সদস্যদের সাথে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, "মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।"



