রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৩:২৩ পিএম

সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

সংগৃহীত

ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের দক্ষতা ও সাফল্য থাকলেও ব্যক্তি হিসেবে তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব একজন ভালো মানের ক্রিকেটার হতে পারেন, কিন্তু তার দৃষ্টিতে তিনি একজন ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সাকিব এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থানে রয়েছেন। তার সাম্প্রতিক বক্তব্যকে সরকারকে চাপের মধ্যে ফেলার একটি প্রচেষ্টা হিসেবেও দেখছেন তিনি।

তথ্য উপদেষ্টার ভাষ্য, কারও জনপ্রিয়তা, পরিচিতি কিংবা অতীতের সাফল্য তাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। সাকিব যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয়গুলোকে মোকাবিলা করেই দেশে ফিরতে হবে। আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, কেউ দেশে ফিরে মামলা, আইন ও বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বিমানবন্দরে কিংবা দেশের অন্য কোথাও তার ওপর কোনো ধরনের জনতার হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, সরকার সেটি প্রত্যাশা করে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না।

শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তার বিষয়টি নিষ্পত্তি হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্তভাবে কার্যকর হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দেশে এমন কোনো শাসনব্যবস্থা আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, যেখানে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরাচারী ও মাফিয়াধর্মী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!