রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে আসছে এসআরবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:০৩ পিএম

র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে আসছে এসআরবি

প্রতীকী ছবি

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ইউনিটের নাম রাখা হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করা র‌্যাবের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি হলো।

প্রস্তাবিত আইনে র‌্যাব বিলুপ্ত হওয়ার পর এর পরিবর্তে পুলিশের সাংগঠনিক কাঠামোর মধ্যে এসআরবি নামে একটি বিশেষায়িত বাহিনী কার্যক্রম পরিচালনা করবে। নতুন ইউনিটের দায়িত্ব, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম আইন ও পরবর্তী বিধিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা অসন্তোষ নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর ফলে বাহিনীর কার্যক্রমের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হবে।

এ ছাড়া বিদ্যমান র‌্যাবের জনবল, সরকারি আদেশ, ক্ষমতা ও কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথিপত্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ নতুন ইউনিটের কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যক্রম পরিচালনার বিধানগুলো প্রয়োজনীয় পরিবর্তন ও সামঞ্জস্যসহ বহাল রাখার প্রস্তাবও রয়েছে। ফলে র‌্যাব বিলুপ্তির পর প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রমে যাতে তাৎক্ষণিক জটিলতা তৈরি না হয়, সে বিষয়টিও আইনের খসড়ায় বিবেচনায় নেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!