রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর অঙ্গীকার মঈন খানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০১:১৫ পিএম

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর অঙ্গীকার মঈন খানের

ছবি: সংগৃহীত

গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়াই তার দায়িত্বের প্রধান লক্ষ্য।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজের দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যবস্থাকে কার্যকর করা গেলে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। তাই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. আব্দুল মঈন খান বলেন, গত ১৭ বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে যারা দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, সরকারের ক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের ভোটে নির্বাচিত সরকার সেই ক্ষমতা দেশের মানুষের কল্যাণে ব্যবহারের জন্য পায়। তাই সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সচ্ছল মানুষ নিজেদের অনেক প্রয়োজন নিজেরাই পূরণ করতে পারেন। কিন্তু দরিদ্র ও অসহায় মানুষের একটি বড় অংশ সরকারি সহায়তা ও সেবার ওপর নির্ভরশীল। ফলে তাদের অধিকার ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বকে নিজের জন্য বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্থানীয় সরকার বিষয়ে অভিজ্ঞতা থেকে তিনি উপকৃত হবেন বলেও জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!