রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ১০:২৫ এএম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সমঝোতা না করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা অমান্য করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নির্বাচনের সময় দলের সিদ্ধান্ত এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি প্রত্যেক নেতাকর্মীকে সম্পূর্ণভাবে অনুগত থাকতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের কর্মকাণ্ড করা হলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

রিজভীর বক্তব্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো প্রার্থী বা নেতাকর্মী কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন দলের এই নেতা।

এদিকে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ধারাবাহিকভাবে জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের এই ধারাবাহিক উদ্যোগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করাই এসব আলোচনার অন্যতম লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!