প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:০৩ এএম
এবারের নির্বাচন আগের মতো পাতানো হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিটি আবেদন নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ইনসাফ পাবেন। পাশাপাশি নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আপিল শুনানির পুরো প্রক্রিয়া স্বচ্ছ থাকবে জানিয়ে সিইসি আরও বলেন, প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আপিল আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেছেন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আপিল আবেদন দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।



