রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:২৯ পিএম

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ৮ মার্চ সকালে দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন আশরাফুল ইসলাম। এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে সকালে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন।

এ ঘটনায় ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মো. হাসান শাহাদাত মামলাটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!