প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১০:০৮ এএম
রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালিকা শাখার মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে আয়োজিত এই ঈদ জামাতে তিনি অংশ নেন।
সকালের শুরু থেকেই মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ওই মাঠে সমবেত হন। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমান। পরে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



