প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩৩ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে বাসভবনের সামনে জড়ো হন কয়েকজন ব্যক্তি, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। পরে সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হলে তাঁকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন উপস্থিতরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাঁকে প্রশ্ন করছেন কেন তিনি রাজনৈতিক বিরোধী ঘরানার একজন নেতার বাসায় গিয়েছেন। এ সময় হাসনাত আবদুল্লাহ হাত তুলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পরে অন্য একজন এসে বিক্ষুব্ধদের সরে যেতে অনুরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়ে আমন্ত্রণ পেয়ে মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অন্যদিকে মনজুর আলম বলেন, এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে পরে দলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনজুর আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন মনজুর আলম। পরে ২০১৫ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর দীর্ঘ সময় তাকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।
পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি এবং দলটির কোনো সাংগঠনিক পদেও ছিলেন না।



