রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:২০ পিএম

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

প্রতীকী ছবি

সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঘোষিত তালিকায় তরুণ, ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের সমন্বয় দেখা গেলেও আলোচনায় থাকা বেশ কয়েকজন শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের জন্য মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন। পরে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করে।

মনোনয়ন প্রক্রিয়া শুরুর পর থেকেই কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীনসহ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ফারজানা সিঁথিও আলোচনায় উঠে আসেন। তবে শেষ পর্যন্ত তারা কেউই মনোনয়ন পাননি।

এছাড়া মডেল মেঘনা আলম, অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নাজমুন নাহার বেবী, সেলিনা হাফিজসহ আরও বেশ কয়েকজন আলোচিত নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত অনেক নেত্রীর নামও এবার তালিকায় স্থান পায়নি। এতে দলীয় অঙ্গনে কিছুটা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যোগ্যতা, ত্যাগ ও দলীয় কর্মকাণ্ডের ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!