রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্র সংস্কার হবে ৩১ দফার ভিত্তিতেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:২৮ এএম

রাষ্ট্র সংস্কার হবে ৩১ দফার ভিত্তিতেই: মির্জা ফখরুল

সংগৃহীত

যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতেই রাষ্ট্র সংস্কারের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে গৃহীত জুলাই সনদও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের সময় যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। তিনি জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়গুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, যখন দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো নানা সংকটে ছিল। বিশেষ করে ব্যাংকিং খাতসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচন দলীয় প্রতীকে নয়, বরং শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর নেতাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া এবং সরকার গঠনে শরিকদের সহযোগিতারও প্রশংসা করেন।

মির্জা ফখরুলের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নই সরকারের প্রধান অগ্রাধিকার।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!